× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশীগঞ্জে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের টিফিন​: কাঁচা ডিম পকেটে

সজল জামান, জামালপুর

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৩:২৫ পিএম

সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালযের কোমলমতি শিশুদের মানসম্মত স্কুল টিফিনে দেওয়ার কথা- সিদ্ধ ডিম, তাজা ভালো মানের কলা এবং পাউরুটি। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালযের কোমলমতি শিশুদের মানসম্মত স্কুল টিফিনে দেওয়ার কথা- সিদ্ধ ডিম, তাজা ভালো মানের কলা এবং পাউরুটি। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্কুল টিফিনে দেওয়ার কথা সিদ্ধ ডিম, তাজা ভালো মানের কলা এবং মানসম্মত পাউরুটি। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।

টিফিনের ঘণ্টা বাজলেই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাঁচা ডিম, হালকা সবুজ বর্ণের শক্ত কলা - অনেক সময় নষ্ট হয়ে যাওয়া কলাও দেওয়া হচ্ছে। এছাড়া যে পাউরুটি দেওয়া হয় সেগুলো শক্ত নিম্নমানের হয়ে থাকে প্রায়ই।

সরবরাহকারীদের এমন চরম অনিয়ম ও অবহেলার কারণে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা কাঁচা ডিম আর নষ্ট কলা পকেটে কিংবা ব্যাগে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। অনেক সময় পথেই ডিম ভেঙে যাচ্ছে এবং নরম-পচা কলা গলে গিয়ে কোমলমতি শিশুদের বই-খাতা ও স্কুলব্যাগ নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি এ নিম্নমানের টিফিনের এমন চিত্রে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, টিফিনে তাদের যে রুটি দেওয়া হয়, তা এতই শক্ত আর শুকনো যে, গিলে খাওয়া মুশকিল। কলা আকারে ছোট বেশির ভাগই পচা ও দুর্গন্ধযুক্ত। তবে সবচেয়ে অবাক করা কাণ্ড ঘটছে ডিম নিয়ে। সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের লোকজন শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছে আস্ত কাঁচা ডিম।

গোপালপুর ৬ নং প্রাথমিক বিদ্যালয় ও ৩৮ নং সূর্য নগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ ও আক্ষেপ করে বলে, স্কুলে তো আর ডিম সিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই। তারা কাঁচা ডিম আমাদের হাতে দেয়, আমরা সেটা ব্যাগে করে বাড়ি নিয়ে যাই। গত কয়েকদিনে ব্যাগের ভেতরেই ডিম ভেঙে আমার বই-খাতা সব নষ্ট হয়ে গেছে। অনেক সময় হালকা সবুজ বর্ণের কাঁচা কলা ও নষ্ট পচা কলা দেওয়া হয় এছাড়াও অনেক সময় শক্ত রুটি দেওয়া হয় আমাদের। 

উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, সরকারি বরাদ্দের পুরো টাকা পকেটে পুরতেই ঠিকাদারি প্রতিষ্ঠান শিশুদের পেটে এমন পচা ও নিম্নমানের খাবার ঢোকাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি বা সঠিক তদারকি না থাকায় ঠিকাদাররা যা খুশি তাই সরবরাহ করার সাহস পাচ্ছে। এতে কোমলমতি শিশুদের পুষ্টি নিশ্চিত হওয়া তো দূরের কথা, উল্টো তাদের চরম স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বকশীগঞ্জ পৌর এলাকার মালির চর গ্রামের কয়েকজন মুরুব্বী বলেন, “হুনেন ভাই, শক্ত পাউরুটি দেয়। যে পাউরুটি নিম্নমানের বেকারি থেকে এই ঠিকাদাররা কিনেÑ যেনু দিব সিদ্ধ ডিম হেনু দেয় কাঁচা ডিম। আমাগো বকশীগঞ্জের ১১০টা স্কুলের কচি বাচ্চাদের সরকারি টেহায় যে কলা দেওন হয়, সেখানে বিরাট কারচুপি চলতাছে। আড়তদারেরা আড়তের ভেতর পলিথিন টাঙাইয়া খড়-তুষের আগুনের ধোঁয়া আর তাপে কাঁচা কলা এক রাতে হলুদ বানায়। আর সরবরাহকারী ঠিকাদাররা বেশি লাভের আশায় আড়তদারদের কাছ থেইকা ৪-৫ টাকার বিষাক্ত কলা কিনে নিয়া স্কুলে দেয়, অথচ সরকাররে ৮-১০ টাকার বিল দেখায়। আসল কথা হইল,  শিক্ষা অফিসারদের যদি একটু নজর থাকত, তারা যদি স্কুলে স্কুলে গিয়ে নিয়মিত দেখাশোনা করত, তাইলে কি আর ঠিকাদাররা আমাগো কচি বাচ্চাগো বিষ খাওয়ানোর সাহস পাইত? শিক্ষা অফিসারগো চোখের সামনেই এই ধান্ধাবাজি চলতাছে, অরা দেইখাও দেখে না।” 

তারা আরো বলেন, “এই তাপে পাকা কলা খাইয়া আমাগো পোলাপানগুলোর প্রতিদিন পেট খারাপ আর ডায়রিয়া লাগিয়াই থাকে। কচি বাচ্চাদের স্বাস্থ্যডা রক্ষা করতে এই গাফিলতি আর অনিয়ম অবিলম্বে বন্ধ হওয়া দরকার “

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, ডিম, রুটি, কলা এসব আমি সরবরাহ করি না আগে আমি এটির দায়িত্বে ছিলাম বর্তমানে দায়িত্বে আছে পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শাকিল তালুকদার আপনি তার সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। 

উপরোক্ত বিষয়ে, টিফিন সরবরাহকারী ঠিকাদার ও বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার বলেন, আমি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এই টিফিন বিতরণের দায়িত্বে রয়েছি। উপজেলার ১১০টি বিদ্যালয়ে আমাদের মাধ্যমে প্রতিদিন  ১৫ হাজার কলা দেওয়া হয় এছাড়াও পাউরুটি, সিদ্ধ ডিম,  টিফিনসামগ্রী বিতরণ করা হয়। কলা একটি পচনশীল পণ্য,  বিপুল পরিমাণ কলার মধ্যে দু-একটি কাঁচা বা নষ্ট যেতেই পারে। তবে রুটিগুলো প্রতিদিন একদম টাটকা সরবরাহ করা হয়। যেহেতু কলা পচনশীল পণ্য, তাই কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে আমি নিজে বিদ্যালয়গুলোতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব। এছাড়া কোনো বিদ্যালয়ে কোনো ধরনের ঘাটতি বা সমস্যা থাকলে আমাদের জানালে আমরা দ্রুত তা সমাধান করার চেষ্টা করব।

রামরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলছেন, আমরা কাঁচা ডিমের পক্ষে না কারণ কাঁচা ডিম বাচ্চারা ভেঙে ফেলে। সরবরাহকারীদের বলেছি, আপনারা কাঁচা ডিম আনবেন না। কাঁচা ডিম আনলে আমরা নেব না। তারা আজ সিদ্ধ ডিম এনেছে। তিনি আরো বলেন, কাঁচা ডিম আমরা সিদ্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। 

বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু হাসান রেজাউল করিম বলেন, টিফিনে সিদ্ধ ডিম দেবে এবং ভালো মানের কলা এবং পাউরুটি দেবে যদি কোনো অনিয়ম থাকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা