ইবি প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম
জীবন নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরের একটি ওয়াশরুমে টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভনে এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবন নামে এক ভ্যানচালক যুবককে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটি একটি ইজিবাইকে করে যাচ্ছিল এবং অভিযুক্ত জীবন নিজের ভ্যানে করে যাচ্ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে নাজমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মোবাইল ফোন নিয়ে টানাটানি হয়। স্থানীয়রা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মোবাইল ফোন ও ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে জীবন তাকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের ওয়াশরুমে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন। কথা অনুযায়ী মোবাইল ফোন না দিয়ে জীবন সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ক্যাম্পাসে ভিক্ষা করত। অন্যদিকে অভিযুক্ত জীবন ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্টেশন মোড় এলাকায়।
পুলিশ জানায়, শান্তিডাঙ্গা এলাকায় একইভাবে আরেক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে ভ্যানচালক জীবনের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক ডা. তাহমিদা আফরিন (তনু) বলেন, ‘ভুক্তভোগী ছেলে শিশু, প্রাথমিকভাবে পরীক্ষা করে এ ধরনের ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে। ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই ক্যাম্পাসের বাইরের হওয়ায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. মাসুদ রানা বলেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটির চিকিৎসা, শারীরিক পরীক্ষা এবং ধর্ষণের আলামত সংগ্রহে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।