প্রতীকী ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে গণিত ও ইংরেজিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্যতাকে দেখছেন শিক্ষাবিদ ও বিশ্লেষকেরা। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী ফেল করেছে, যা আগের সময়ের তুলনায় বড় ব্যতিক্রম। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
শিক্ষাবিদ ও বিশ্লেষকেরা বলছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া উদ্বেগজনক। গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতার পাশাপাশি শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির সীমাবদ্ধতা, প্রশিক্ষণের ঘাটতি, শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিতি এবং কোচিংনির্ভরতার বিষয়গুলোও ফল বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ১১টি বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার পতন হয়েছে। গত বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সাত বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৫ শতাংশের নিচে
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৭টিতেই ইংরেজিতে পাসের হার ৭৫ শতাংশের নিচে। ময়মনসিংহে ইংরেজিতে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ, সিলেটে ৬৯ দশমিক ১১ শতাংশ, বরিশালে ৬৯ দশমিক ২৪ শতাংশ, যশোরে ৭১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭ শতাংশ, দিনাজপুরে ৭২ দশমিক ৯১ শতাংশ এবং রাজশাহীতে ৭৪ দশমিক ৭০ শতাংশ। শুধু কুমিল্লা ও ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৫ শতাংশের ওপরে ছিল। কুমিল্লায় সর্বোচ্চ ৮১ দশমিক ২৯ শতাংশ এবং ঢাকায় ৭৮ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। অধিকাংশ বোর্ডে বাংলায় পাসের হার ছিল ৯০ শতাংশের ওপরে। গণিতেও বোর্ডভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহীতে গণিতে পাসের হার ৭৭ দশমিক ১৭ শতাংশ, কুমিল্লায় ৮১ দশমিক ৭৫ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ০৫ শতাংশ, বরিশালে ৭৭ দশমিক ৯৮ শতাংশ, সিলেটে ৭৫ দশমিক ৯৬ শতাংশ, দিনাজপুরে ৭১ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৬৯ দশমিক ৬১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
কী বলছেন বিশেষজ্ঞরা
গত ১৯ বছরে সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী পাস করার কারণ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত ১৮-১৯ বছরের সময়কালে রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগের বিষয় রয়েছে। এর পাশাপাশি সরকারি শিক্ষানীতি ও অনুশাসনের বিষয়ও রয়েছে।
তিনি বলেন, নীতি ভালো অবস্থানে রয়েছে। শিক্ষামন্ত্রী ও প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। তারা ৭৮ নম্বরকে ৮০ করেনি এবং দয়ার নম্বর দেওয়া হয়নি। কিছু প্রশ্ন একটু আনকমন মনে হয়েছে, যদিও সেগুলো সিলেবাস থেকেই করা হয়েছে। কারিকুলামে শিখনযোগ্যতা অর্জনকে সামনে রেখে প্রশ্ন করা হয়েছে। এতে আগের সময়ের তুলনায় প্রশ্ন কিছুটা ব্যতিক্রম ছিল। দয়ার নম্বর না দেওয়ায় পাসের হার কমেছে।
এ অবস্থা থেকে উত্তরণের বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীরা কোন অধ্যায় থেকে কী পড়বে, সেটিকে সামনে রেখে পুরো সিলেবাস পড়াতে হবে। কোচিংয়ের দিকে না গিয়ে প্রশিক্ষিত শিক্ষকদের প্রতি নজর দিতে হবে। শর্টকাট পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষার্থীদের কোচিংমুখী করে ফেলা হয়েছে। তাদের এ প্রবণতা থেকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষকদের নিবিড় পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি মনোযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেভাবেই হোক শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। নিয়মিত ক্লাসে আসা নিশ্চিত করতে হবে। কারণ গণিত ও বিজ্ঞানের মতো বিষয়ে ক্লাসে ধারাবাহিকতা না থাকলে পরবর্তীতে অনেক কিছুই বুঝতে সমস্যা হবে। এবার ইংরেজিতেও প্রচুর শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতি রয়েছে, তা দূর করতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের শতভাগ দিতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থী পাস করুক, সবাই এ প্লাস পাকÑ এটাই প্রত্যাশা। কিন্তু এখন শিক্ষকদের সামর্থ্য নিয়েও প্রশ্ন রয়েছে। অভিভাবকেরা স্কুলকে গুরুত্ব না দিয়ে কোচিংকে প্রাধান্য দিচ্ছেন, এটি বন্ধ করতে হবে। স্কুলের ক্লাসেই শিক্ষকদের শতভাগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণেও পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদের জীবনমান উন্নয়নেও সচেষ্ট থাকতে হবে। কারণ শিক্ষকরা আর্থিক সংকটে থাকলে স্বাভাবিকভাবেই অন্য বিষয় নিয়ে মনোযোগ দেন।
শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন দেশের বর্তমান সৃজনশীল কারিকুলাম প্রণেতাদের অন্যতম অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো যুক্তিতেই এত সংখ্যক শিক্ষার্থীর ফেল গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থীর চেয়েও শিক্ষকরা বেশি দায়ী।
তিনি বলেন, কারিকুলামে যেভাবে শেখানোর কথা, সেভাবে শেখানো হলে কেউ ফেল করার কথা নয়। প্রথমত, এনসিটিবি কারিকুলামটি নামমাত্র মানে। দ্বিতীয়ত, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপক ঘাটতি রয়েছে। তারা মানসম্মত উপায়ে ক্লাসে পড়াতে পারেন না।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা খুব কম। এ কারণে তারা নিজ পেশায় মনোযোগ কম দেন। অভাব নিয়ে শিক্ষকতা করা কঠিন। এর প্রভাব ক্লাসে শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রেও পড়ে। ফলে প্রস্তুতির ব্যাপক ঘাটতি নিয়েই এসএসসির মতো পাবলিক পরীক্ষায় বসে লাখ লাখ শিক্ষার্থী হোঁচট খাচ্ছে।