রাবি প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম
রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বর্ষপূর্তি উপলক্ষে প্রশাসনের আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম নিয়ে সমালোচনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের দুই বর্ষপূর্তি উপলক্ষে প্রশাসনের আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার পর চিত্রকর্মটি সোমবার দুপুরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান।
তিনি বলেন, অনুষ্ঠানটি মূলত চারুকলা অনুষদের তত্ত্বাবধানে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল সিনেটে প্রদর্শনীর স্থান নির্ধারণ করা। চিত্রকর্মটির বিষয়ে জানার পর সেটি সরিয়ে নেওয়া হয়েছে। কোনো বিতর্কিত বিষয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দেবে না।
এর আগে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশে তিন দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান : রঙতুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীতে চিত্রকর্মটি প্রদর্শন করা হয়।
চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ‘৭১’ এবং অপরপাশে কালচে রঙে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখাটি খানিকটা নিচের দিকে ঝুঁকে রয়েছে। চিত্রকর্মটি দেখে মনে হয়, একাত্তরের তুলনায় চব্বিশের ওজন বেশি হওয়ায় পাল্লাটি একদিকে ঝুঁকে গেছে।
তবে শিল্পী চিত্রকর্মটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, জুলাইয়ের পর থেকেই একটি গোষ্ঠী চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে আসছে। তার কাজটিকে সে অর্থে দেখা ঠিক হবে না; এটি আলংকারিক উপস্থাপন। তিনি মূলত একাত্তরের সঙ্গে চব্বিশের এই অসম তুলনাটি বোঝাতে চেয়েছেন।
এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী বলেন, চিত্রকর্মটির শিল্পীর সঙ্গে আগে কথা বলতে হবে। তিনি কোন প্রেক্ষাপটে ছবিটি এঁকেছেন বা তার আলাদা কোনো ব্যাখ্যা আছে কি না, তা জানা প্রয়োজন। এরপর দর্শকদের আলাদা মতামত থাকতে পারে। সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসতে হবে।