এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ইংরেজি ও গণিতে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিপরীতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পাসের হার ছিল সর্বোচ্চ।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
ইংরেজি ও গণিতে পাসের হার
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৮১ দশমিক ২৯ ও ৮১ দশমিক ৭৫ শতাংশ। যশোর বোর্ডে এ হার যথাক্রমে ৭১ দশমিক ৮৪ ও ৮৩ দশমিক ৩৪ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ইংরেজিতে ৭২ দশমিক ২৭ শতাংশ এবং গণিতে ৮০ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বরিশাল বোর্ডে এ হার যথাক্রমে ৬৯ দশমিক ২৪ ও ৭৭ দশমিক ৯৮ শতাংশ।
সিলেট বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ১১ শতাংশ এবং গণিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দিনাজপুর বোর্ডে ইংরেজিতে ৭২ দশমিক ৯১ শতাংশ এবং গণিতে ৭১ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৭৯ দশমিক ২১ ও ৬৯ দশমিক ৯৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৯৪ দশমিক ৭৯ শতাংশ এবং গণিতে ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
আইসিটিতে পাসের হার বেশি
অন্যদিকে, সব বোর্ডেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী পাস করেছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি ও গণিতের তুলনায় এ বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল ভালো হয়েছে।
কমেছে সামগ্রিক পাসের হার
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
অর্থাৎ এক বছরের ব্যবধানে গড় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সাধারণ শিক্ষা বোর্ডেও নিম্নমুখী ফল
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ।
ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফলের এই চিত্রে ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের তুলনামূলক দুর্বল ফল এবং সামগ্রিক পাসের হার কমে যাওয়ার বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে।