বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন। ফাইল ছবি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এ নির্দেশনা প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে উপস্থিত হয়ে এই লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করেন। এ সময় তাকে ছাত্রদলের প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিশৃঙ্খলা তৈরি করে ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।