সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:১৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৬:২৫ পিএম
সন্তান জন্ম দিয়েই সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জীবনের কিছু মুহূর্ত একই সঙ্গে ব্যক্তিগত, আবেগঘন এবং অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে। নীলফামারীর সৈয়দপুরে এমনই এক ঘটনার জন্ম দিলেন এক এইচএসসি পরীক্ষার্থী। মাতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি হাজির হন পরীক্ষা কেন্দ্রেÑ হাতে-কলম আর সঙ্গে সদ্যোজাত সন্তান।
কয়া গোলাহাট কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর কয়েক ঘণ্টা আগেই অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি একটি সন্তানের জন্ম দেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নবজাতককে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে নবজাতককে কেন্দ্রের বাইরে কোলে নিয়ে অপেক্ষা করেন পরীক্ষার্থীর এক আত্মীয়। ফলে তিনি নির্ধারিত সময়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার্থীর এই উদ্যোগকে অভিনন্দন জানায়। একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ; তেমনি মাতৃত্বও জীবনের এক অনন্য অধ্যায়। এই দুই গুরুত্বপূর্ণ মুহূর্ত একই দিনে এসে মিলিত হয়েছে এই পরীক্ষার্থীর জীবনে। সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার হলে তার উপস্থিতি কেবল একটি ঘটনার বিবরণ নয়; এটি দায়িত্ববোধ, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্য পূরণে অটল থাকার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।