বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:০৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৩:০৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হল। ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীদের আবাসিক ‘জুলাই ৩৬’ হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে গোপনে সহপাঠী ও হলের অন্যান্য ছাত্রীর আপত্তিকর ও অশালীন ছবি তুলে লন্ডনে এক প্রেমিককে পাঠানোর অভিযোগ উঠেছে।
অভিযোগটি প্রকাশ্যে আসার পর থেকেই হলজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, অন্তত ১০ জন ছাত্রীর ছবি শনাক্ত করা হয়েছে এবং অভিযোগের সমর্থনে তারা কিছু স্ক্রিনশটও সংরক্ষণ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাটি সামনে আসে। অভিযুক্ত শিক্ষার্থী একই হলের আবাসিক ছাত্রী হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল। তাদের মধ্যে লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে সে নিয়মিতভাবে হলের মেয়েদের গোপন ছবি পাঠাতো। এমনকি বোরকা-নিকাব পরিহিত ও পর্দানশীল ছাত্রীরও ওড়না ছাড়া ছবি তুলে পাঠানোর অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই প্রবাসী যুবকের সঙ্গে তার সম্পর্কের অবনতি হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রতিশোধ নিতে ওই প্রবাসী তার কাছে থাকা ছবিগুলো বিভিন্ন শিক্ষার্থীর কাছে মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে শুরু করে। এতে ভুক্তভোগীরা জানতে পারেন, কীভাবে তাদের ব্যক্তিগত ছবি তার কাছে পৌঁছেছে। একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের ঘুমন্ত অবস্থায়, ব্যক্তিগত মুহূর্তে কিংবা স্বাভাবিক পোশাকে থাকা অবস্থায় গোপনে ছবি তোলা হয়েছে, যা তাদের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন।
এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “হলের ভেতরে আমরা নিজেদের মতো স্বাচ্ছন্দ্যে থাকি। এখানে বাইরের কারও প্রবেশাধিকার নেই। সেই জায়গায় গোপনে ছবি তুলে বাইরে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
আরেকজন বলেন, “নিজের রুম আমাদের নিরাপদ জায়গা। সেখানে যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় নিরাপদ থাকবো?”
ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। এ বিষয়ে শুক্রবার হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে তার বক্তব্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “আমরা ইতোমধ্যেই অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে হল প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”