রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:৩৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রকৌশলী ও স্টেট দপ্তরের এক সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করায় বিশ্ববিদ্যালয়ের এক দোকানিকে তারা পিটিয়ে লাশ গুম করার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম উদ্দীন আলম বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর ও নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন।
নিজাম উদ্দীন রাবি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ক্যাম্পাসের ‘টেস্টি ট্রিট’ ফুড কর্নারের মালিক। অন্যদিকে অভিযুক্তরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার রজব আলী এবং তার ভাই সাদ্দাম আলী।
লিখিত অভিযোগে নিজাম উদ্দীন জানান, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-২ এর সামনে তাকে ডেকে নেন রজব আলী। সেখানে প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং রজব আলীর ভাই সাদ্দামও উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টেট প্রধান জাহিদের বিরুদ্ধে নিজামের করা একটি মামলা তুলে নিতে বলেন প্রধান প্রকৌশলী। নিজাম এতে অস্বীকৃতি জানালে রজব আলী ও তার ভাই গালাগাল করেন এবং গাছ থেকে ঝুলিয়ে পেটানোসহ লাশ গুম করার হুমকি দেন।
ব্যবসায়ী নিজামের দাবি, মামলা না তোলায় গত ২ আগস্ট পূর্ব নোটিশ ছাড়াই তার দোকানের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এতে ফ্রিজে থাকা ফাস্টফুড ও ফ্রোজেন পণ্য নষ্ট হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী রেজিস্ট্রার রজব আলী। তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার বিষয়ে কিছুই জানেন না দাবি করে প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘স্টেট দপ্তর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অনুমোদনের জন্য ফাইল পাঠানো হলে আমি শুধু সই করেছি। কী উদ্দেশ্যে আমার নাম জড়ানো হয়েছে, তা জানি না।
যোগাযোগ করা হলে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। দুপক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়া হবে।