বিবিসি বাংলা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
ঢাকা আলিয়া মাদ্রাসায় মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ। ছবি: বিবিসি বাংলা
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৫টার আগে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। সংঘর্ষ চলাকালে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনাস্থল থেকে গণমাধ্যমকর্মী মাজহারুল হক মুহাজির বিবিসি বাংলাকে জানান, বিকেল পাঁচটার আগে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এবং সেখানে ভাংচুরও চালাতে দেখা গেছে।
সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নকে লাঠি হাতে সেখানে অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি খামার বাড়ি প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে ছিলাম। শুনি যে শিবির এসে হলের ভেতরে দেদারসে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে মারছে এবং রাম দিয়ে কোপাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের ওপর এমন অত্যাচার হচ্ছে তখন আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা তো বসে থাকতে পারি না।”
এ নিয়ে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের বিবিসি বাংলাকে বলেন, “ওখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
এই সংবাদ লেখা পর্যন্ত সেখানে বিপুল পরিমাণ পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সেখানে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরা।