× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:১২ পিএম

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে জকসু ও ছাত্রশক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে জকসু ও ছাত্রশক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে জকসু ও ছাত্রশক্তি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনার শুরু হওয়ার আগে বেলা ১১টার দিকে জকসু ও ইবকিলাব মঞ্চের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবির মধ্যে ছিল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, অস্থায়ী আবাসিক হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করা এবং চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগ।

এ সময় মিলনায়তনে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে জকসু ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরবর্তীতে জকসু নেতা-কর্মীরা মিলনায়তনের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেন।

সেমিনার শেষে শহীদ মিনার এলাকায় দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক, জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহতদের চিকিৎসা চলাকালে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার অভিযোগ তুলেছে জকসু ও ছাত্রশক্তি।

জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, প্রায় ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে জকসুর ভিপি, জিএস, এজিএসসহ ছাত্রশক্তির একাধিক নেতা আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যানকে বিব্রত করার উদ্দেশ্যে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। তাদের সরে যেতে অনুরোধ করা হলেও তারা অগ্রসর হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলেরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাউল-উল-আলম এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজাহান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা