× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনের শর্ত উপেক্ষা করে ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

হাসনাত শাহীন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১১:১১ এএম

কোলাজ: এআই

কোলাজ: এআই

দেশের তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়Ñ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সরকার উপাচার্য নিয়োগ দিয়েছে। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আইনে উপাচার্য হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের স্বনামধন্য শিক্ষাবিদ বা বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও নিয়োগপ্রাপ্ত তিনজনের একাডেমিক বিষয়ভিত্তিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আইনের ভাষ্য অনুযায়ী, উপাচার্য পদে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের শিক্ষাবিদ বা বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়ার কথা। এ প্রেক্ষাপটে শিক্ষাবিদদের একটি অংশের অভিযোগ, বর্তমান নিয়োগগুলো বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনের সঙ্গে সাংঘর্ষিক।

গত ২৯ জুলাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক মো. জাকির হোসেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০-এর ১০(২) ধারায় বলা হয়েছে, আচার্য (রাষ্ট্রপতি) তার নির্ধারিত শর্তে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। একই ধারায় একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি উপাচার্য থাকতে পারবেন না বলেও উল্লেখ রয়েছে। এ ছাড়া আচার্যের সন্তোষ অনুযায়ী উপাচার্য পদে বহাল থাকার বিধানও রয়েছে।

গত ১৬ মে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ধারায় উপাচার্য হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ একজন ব্যক্তিকে চার বছরের জন্য নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। এ কারণে তার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত ১৪ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই আইনেও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্য নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের ক্ষেত্র হওয়া উচিত নয়। সাম্প্রতিক নিয়োগগুলো নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। যদি ব্যক্তিগত যোগাযোগ বা প্রশাসনিক প্রভাবের মাধ্যমে যোগ্যতার স্বাভাবিক প্রক্রিয়া উপেক্ষা করা হয়ে থাকে, তবে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইন, একাডেমিক বিশেষায়ন, গবেষণা সক্ষমতা এবং নেতৃত্বের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া জরুরি। প্রার্থীদের নাম কীভাবে প্রস্তাব করা হচ্ছে, কোন মানদণ্ডে তালিকা তৈরি হচ্ছে এবং চূড়ান্ত সুপারিশে কারা ভূমিকা রাখছেনÑ এসব বিষয়ও স্বচ্ছভাবে পর্যালোচনা করা উচিত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা