বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বেরোবি শাখা শিবিরের কর্মসূচিতে প্রদর্শিত ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামের একটি ব্যানার প্রদর্শন নিয়ে আপত্তি জানায় বেরোবি শাখা ছাত্রদল।
ব্যানারটিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতৃবৃন্দ ও বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল।
পরে বিষয়টি নিয়ে শিবিরের কর্মসূচি স্থলে শাখা ছাত্রদল ও শাখা শিবির নেতা-কর্মীরা মুখোমুখি হলে বাগবিতণ্ডা দেখা দেয়। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে শাখা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, বেরোবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা এবং শিবির নেতা মেহেদী হাসানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে টানানো একটি ব্যানারকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তারা আরও জানান, একপর্যায়ে চেয়ার ও গাছের ডাল ব্যবহার করে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে দুই পক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণ পরিস্থিতি থমথমে বিরাজ করার পর রাত ১০টার পর পার্কের মোড়ে আবারও দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দুই ছাত্রসংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটকের বাইরে সরে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হবে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।