ইবির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শনিবার সকালে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শনিবার সকালে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনই ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারেক রহমানের সরকারের সময়ে শিক্ষা বাজেট জিডিপির ২ শতাংশে উন্নীত হয়েছে। গত বছরের ৮৭ হাজার কোটি টাকার পরিবর্তে চলতি অর্থবছরে বরাদ্দ হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী ভবিষ্যতে শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রতিষ্ঠাকালে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরে ওআইসির উদ্যোগে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় একই আদলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে ইসলামিক স্টাডিজের পাশাপাশি সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও মেডিক্যাল সায়েন্সসহ বিভিন্ন অনুষদ রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়েও ভবিষ্যতে মেডিক্যাল সায়েন্সসহ নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।
ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ আরও অনেকে।