× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবিবার থেকে ক্লাসে ফিরছেন খুবি শিক্ষার্থীরা

খুলনা অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

টানা এক সপ্তাহের আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রশাসনিক অচলাবস্থার পর স্বাভাবিক হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা কার্যক্রম।

তিন দফা দাবির বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিন দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ সন্তোষজনক হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন পর্যবেক্ষণে রাখা হবে।

ভবিষ্যতে কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতামূলক আচরণ দেখা গেলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তারা।

পরে প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত ছিল।

শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল বিজয়’২৪ হলের ক্যান্টিনকর্মী কর্তৃক সংঘটিত যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে হল প্রভোস্ট বডির জবাবদিহি নিশ্চিত করা।

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ক্যান্টিনকর্মী ইমাম হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে চারটি ধারায় মামলা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে হল প্রভোস্ট বডির ভূমিকা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শিক্ষার্থীদের সেই প্রতিবেদন পর্যালোচনার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কেও অবহিত করা হবে।

দ্বিতীয় দাবিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম এবং বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে পাঁচ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তৃতীয় দাবিতে স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়। এ বিষয়ে ক্লাবটি বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সব কার্যক্রম আজীবনের জন্য বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি আগামী ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরে নিবন্ধন বাতিলের আবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছে ক্লাবটির সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।”

উল্লেখ্য, গত ২২ জুলাই বিজয়’২৪ হলের ছাত্রীদের শৌচাগার ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই ঘটনায় তার স্ত্রীও গ্রেপ্তার হন।

ওই ঘটনার বিচার, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

টানা আন্দোলনের মধ্যে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও সিন্ডিকেটের সিদ্ধান্তে দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তবে দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা