× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারক চক্রের ডিবি পুলিশ পরিচয়ে টাকা দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:২৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র।

পরপর দুদিন প্রায় একই ধরনের দুটি ঘটনা সামনে আসায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিডটার্ম পরীক্ষা চলাকালে নিয়ম অনুযায়ী এক শিক্ষার্থী তার মোবাইল ফোন বন্ধ রাখেন। এ সুযোগে প্রতারক চক্রটি ওই শিক্ষার্থীর বাবাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা দাবি করে, তার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই অভিভাবকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকের পোস্টের মাধ্যমে জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা না পার হতেই গত বৃহস্পতিবার আবারও একই ধরনের প্রতারণার চেষ্টা চালায় চক্রটি। এবার এক নারী শিক্ষার্থীর মাকে ফোন করে নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় তারা। ফোনে জানানো হয়, তার মেয়েকে একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। পরে সামাজিক সম্মানহানির ভয় দেখিয়ে এবং ফোনের অপর প্রান্তে এক নারীর কান্নার শব্দ শোনানোর মাধ্যমে পরিস্থিতিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়। একপর্যায়ে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠাতে চাপ দেওয়া হয়। তবে আগের ঘটনার বিষয়ে জানার কারণে ওই অভিভাবক তাৎক্ষণিকভাবে টাকা পাঠাননি। তিনি পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করেন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান।

পরপর দুই দিনে একই ধরনের ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের পরিবার ও পরিচিতদের এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে প্রতারকেরা কীভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বা পরীক্ষার সময় সম্পর্কে ধারণা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের একটি অংশের আশঙ্কা, কোথাও থেকে তথ্য ফাঁস হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি বলেন, অপরিচিত নম্বর থেকে এ ধরনের ফোন এলে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। টাকা পাঠানোর আগে অবশ্যই শিক্ষার্থী, তার সহপাঠী, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা