ইবি প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৭:৫৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
বাঁধনের বিভিন্ন কর্মকাণ্ডে বিভাগের একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।
জানা গেছে, একাডেমিক কার্যক্রমে অসহযোগিতা, একাধিকবার ফরম পূরণের সময়সূচি পরিবর্তনে বাধ্য করা, বিভাগীয় ফি পরিশোধ না করা, সহপাঠীর ফরম পূরণের অর্থ নিয়েও সময়মতো কাজ সম্পন্ন না করা, বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্ক, একাডেমিক ও দাপ্তরিক বিষয়ে অযাচিত মন্তব্যসহ বিভিন্ন আচরণে একাডেমিক পরিবেশ ব্যাহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সই করা একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। সেখানে বাঁধনের বিভিন্ন কর্মকাণ্ডে বিভাগের একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।
অভিযোগের বিষয়ে বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, এই নোটিসটি প্রায় এক মাস আগে প্রস্তুত করা হয়েছিল, যখন আমি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে অনশন কর্মসূচি পালন করি। বিভিন্নভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তারা সফল হয়নি। তাই এখন ষড়যন্ত্রমূলকভাবে এটি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, বিভাগীয় সভাপতির পাঠানো চিঠিটি উপাচার্যের নজরে দেওয়া হয়েছে। পরে এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।