× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম্মারের চোটপাটে অস্থির রাবি ক্যাম্পাস

রাজশাহী অফিস

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:১৪ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১২:১৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রক্টরের কক্ষ ও কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে দফায় দফায় শিক্ষার্থী পেটানো, উল্টো ভুক্তভোগীদের ওপর ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে পুলিশে দেওয়া এবং সংবাদ পরিবেশনে সাংবাদিকদের হুমকির ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এবং ছাত্রশিবির নেতাদের এই নৈরাজ্যকর আচরণকে বিগত আওয়ামী শাসনামলের ‘ছাত্রলীগের ত্রাসের প্রতিচ্ছবি’ হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলো। তাদের মতে, অধিকার আদায়ের নামে ক্যাম্পাসে ক্রমাগত অস্থিতিশীলতা তৈরিতে আম্মারের ভূমিকা স্বৈরাচারী মনোভাবেরই স্পষ্ট বহিঃপ্রকাশ।

অভিযোগ রয়েছে, কথায় কথায় দাবি আদায়ের নামে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার পেছনে সালাউদ্দিন আম্মারের প্রত্যক্ষ ইন্ধন থাকে এবং তার প্রতিটি কর্মসূচিতে দল ভারী করতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। যদিও সালাউদ্দিন আম্মার এবং ছাত্রশিবির উভয় পক্ষ থেকেই আম্মারের শিবিরের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

রাজনৈতিক ট্যাগিংয়ের অভিযোগ 
আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের ওপর লাঠি, হাতুড়ি বা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাত। শিক্ষার্থীদের মতে, গত ২৭ জুলাইয়ের সংঘর্ষেও যেন সেই একই চিত্র ফিরে এসেছে। এদিন আম্মারকে অশ্রাব্য গালাগাল করার পাশাপাশি বালি তোলার বেলচা ও বাঁশ হাতে নিরস্ত্র তিন শিক্ষার্থীর ওপর চড়াও হতে দেখা যায়।
মারধরের শিকার হওয়া তিন শিক্ষার্থী হলেনÑ মো. আনাস, মাহমুদুল হাসান ও হাসান। বিস্ময়কর ব্যাপার হলো, প্রকাশ্যে এই নির্যাতনের ঘটনার পর উল্টো রাকসু ও শিবির নেতাদের চাপে পুলিশ আনাস ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আনাসকে ‘ছাত্রলীগের কর্মী’ হিসেবে দাবি করা হলেও তিনি নিজে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। লাইব্রেরির মতো জায়গায় ঢুকে শিক্ষার্থীদের প্রকাশ্যে পেটানোর এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম ছাত্রজোটের নেতারা।

আম্মারকে প্রধান আসামি করে মামলা
নির্যাতনের শিকার মাহমুদুল হাসানের বাবা এমএস আসাদ উজ জামান বাদী হয়ে মতিহার থানায় আমলি আদালতে গতকাল মামলা করেছেন। আম্মারকে প্রধান আসামি করে মোট ৯ জনের নামে মামলাটি করা হয়। অন্য আসামিরা হলেনÑ রাকসুর এজিএস সালমান সাব্বির, নাজমুস সাকিব, মেহেদী সজীব, ফাহিম রেজা, আরিফুল ইসলাম, আহছান উল্লা ফারহান, সিফাত আবু সালেহ ও নুরুল ইসলাম শহীদ।
 
পাল্টাপাল্টি অভিযোগ
হামলার সাফাই গেয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের দাবি, ‘ছাত্রলীগ সন্ত্রাসীরা রাকসু ভবনে আমাদের ওপর হামলা করায় বাধ্য হয়ে আমরা প্রতিহত করেছি।’ তবে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ভিন্ন অভিযোগ তুলে বলেন, ‘একটি ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়েছে শিবিরের সন্ত্রাসী বাহিনী। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলাকারীদের ছাত্র সংসদের পদ ও ছাত্রত্বÑ দুটোই বাতিল করতে হবে।’

সাংবাদিকদের হুমকি 
ঘটনার পর রাকসুর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাকসুর ভিপি ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক প্রেসিডেন্ট মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার এবং এজিএস ও শিবির নেতা এসএম সালমান সাব্বির উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ভিপি জাহিদ। তিনি সাংবাদিকদের রীতিমতো শাসিয়ে বলেন, রাবির ঘটনায় যেসব সংবাদ প্রচার করা হয়েছে তা একপেশে এবং সঠিক নয়। তিনি অভিযোগ করেন, সাংবাদিকরা ছাত্রলীগের হয়ে ‘মায়াকান্না’ করছেন ও বাড়াবাড়ি করছেন। সংবাদ মাধ্যমে ব্যবহৃত শব্দচয়নের সমালোচনা করে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। তিনি দাবি করেন, লাইব্রেরিতে তাদের কারণে কোনো শিক্ষার্থীর পড়ার ক্ষতি হয়নি। ভিপির এই অপেশাদার ও হুমকিমূলক বক্তব্যের জেরে রাবিতে কর্মরত সাংবাদিকদের একাধিক সংগঠন তীব্র প্রতিবাদ জানায় এবং রাকসুর সব ধরনের সংবাদ বয়কটের ঘোষণা দেয়।

প্রশাসনের পদক্ষেপ
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ক্যাম্পাস স্থিতিশীল রাখতে সর্বাত্মক কাজ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন।’
দফায় দফায় হামলা ও মারধরের এই ঘটনা তদন্তে মঙ্গলবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অস্থিতিশীলতায় বারবার আম্মারের নাম
ক্যাম্পাসে আম্মারের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ নতুন নয়। ২০২৪ সালের ডিসেম্বরে পোষ্যকোটা আন্দোলন চলাকালে প্রো-ভিসির ওপর চড়াও হওয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অধ্যাপকদের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়াসহ নানা বিতর্ক রয়েছে তার পেছনে। এমনকি ২০২৪ সালের সেপ্টেম্বরে এক যুগ আগে শিবিরের হামলায় পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনাতেও আম্মারের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর। বিষয়টি নিয়ে আগে থেকেই ক্যাম্পাসে ব্যাপক কানাঘুষা ও সমালোচনা চললেও নতুন করে এই অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

বামজোটের ৫ দফা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে ‘মব ভায়োলেন্স’ আখ্যা দিয়ে রাকসু ও ছাত্রশিবির নেতাদের আইনের আওতায় আনাসহ ৫ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় তারা। তাদের প্রধান দাবিগুলো হলো রাকসু ও শিবির নেতাদের বিচার নিশ্চিত করা; রাকসু ভবনে ও বামজোটের মশাল মিছিলে হামলার তদন্ত ও বিচার করা; জুলাই-পরবর্তী সব অমীমাংসিত ঘটনার দ্রুত বিচার করা এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিত করা। স্মারকলিপিতে জোট নেতারা জানান, ছাত্র প্রতিনিধিদের এমন পেশিশক্তির চর্চা নজিরবিহীন ও স্পষ্টত ফৌজদারি অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক বিচারহীনতার সংস্কৃতিই ক্যাম্পাসে সন্ত্রাসীদের আরও আগ্রাসী করে তুলছে, যা গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।

বিচারের দাবিতে গণস্বাক্ষর
এদিকে শিক্ষার্থীকে মারধরে জড়িত রাকসু ও শিবির নেতাদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন রাবির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়, যা চলবে আগামী সোমবার পর্যন্ত।
সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলে যারা নেতৃত্বে এসেছেন, তাদের মাধ্যমেই ক্যাম্পাসে ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম হওয়ার এই প্রবণতা সচেতন মহলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা