বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:২২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম
প্রতীকী ছবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমকামীতার অভিযোগে এক ঢাবি শিক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীর হলের আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন। একই সঙ্গে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সমকামীদের যোগাযোগের জন্য ব্যবহৃত একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত ওই বহিরাগত ব্যক্তিকে হলে আসতে বলেন। নির্ধারিত কক্ষে যাওয়ার কথা থাকলেও ভুলবশত তিনি অন্য কক্ষের সামনে চলে যান। সেখানে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়লে মোবাইল ফোন যাচাই করে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করেন শিক্ষার্থীরা। পরে বহিরাগত ব্যক্তি যে শিক্ষার্থীর আমন্ত্রণে হলে এসেছেন, তার পরিচয়ও প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, তিনি সমকামীদের ব্যবহৃত একটি অনলাইন অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে সেবা প্রদান করতেন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বহিরাগত ব্যক্তিকে আটকের পর অভিযুক্ত শিক্ষার্থী নিজের মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করে আত্মগোপনের চেষ্টা করেন। পরে বহিরাগত ব্যক্তির দেওয়া তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মোবাইল নম্বর মিলিয়ে তাকে শনাক্ত করা হয়। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি বিষয়টি স্বীকার করেন বলে শিক্ষার্থীদের দাবি।
মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেন, “বহিরাগত ব্যক্তি ভুল কক্ষের সামনে চলে যাওয়ায় আবাসিক শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়।”
তাদের মোবাইল ফোনে সমকামীদের যোগাযোগের একটি অনলাইন অ্যাপ এবং পারস্পরিক যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানানো হলে হলের প্রভোস্ট ও হাউজ টিউটররা ঘটনাস্থলে এসে দুজনকে প্রভোস্টের কক্ষে নিয়ে যান।”
সেখানে তারা স্বীকারোক্তিমূলক মুচলেকা দেন বলে দাবি করেন তিনি। পরে অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয় এবং প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট ড. মো. রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনোও মন্তব্য করতে রাজি হননি।