বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৭:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন কর্তৃক জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পদের মেয়াদকাল পর্যন্ত হলে অবস্থানের সুযোগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
প্রশাসন কর্তৃক নিয়মবহির্ভূতভাবে নেওয়া এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসুর সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সম্মতি ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে এই সিদ্ধান্ত গ্রহণ ও তা জাকসুর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যা অত্যন্ত অগণতান্ত্রিক, অনভিপ্রেত ও ষড়যন্ত্রমূলক।
বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত হলের অছাত্রদের অবস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এটি হলে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতিকে পুনরায় বাঁচিয়ে তোলার ঝুঁকি তৈরি করবে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা ব্যাহত করবে। একই সাথে বিশেষ কোনো পক্ষকে সুবিধা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে জাকসুকে বিতর্কিত করার একটি অপচেষ্টা এখানে পরিলক্ষিত হচ্ছে।
জাকসুর পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, অধ্যাদেশ ও গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্তের দায় জাকসু বহন করবে না। প্রচলিত আইন ও গঠনতন্ত্র সংশোধন ব্যতিত একতরফাভাবে নেওয়া এমন সিদ্ধান্ত প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের পরিপন্থী। তাই প্রশাসনকে অনতিবিলম্বে এই বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে জাকসুকে সম্পৃক্ত না করে কিংবা এর নাম ব্যবহার করে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাকসু নেতৃত্ব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেছিলেন, “জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী একজন বৈধ শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচিত হওয়ার পর তার ছাত্রত্ব শেষ হলেও তিনি এক বছরের জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে হলে অবস্থান না করলে তাদের পক্ষে দায়িত্ব যথাযথভাবে পালন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনিক সভায় জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত হলে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের মেয়াদ আর মাত্র দুই থেকে তিন মাস বাকি। এটি কোনো একজনকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নয়; বরং সংশ্লিষ্ট সকল প্রতিনিধির দায়িত্ব পালনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”