× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নেতাদের হলে থাকার অনুমতি, ছাত্রদলের আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৫:৪০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ-২০১৮ লঙ্ঘন করে জাকসু ও হল সংসদের নেতাদের মেয়াদের শেষ পর্যন্ত হলে থাকার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। 

নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে হলের বাইরে থাকা নেতা-কর্মীদের নিয়ে একযোগে হলে ওঠার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের স্বার্থে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আবাসিক হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘শিক্ষার্থী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর সরাসরি পরিপন্থী। অধ্যাদেশের ৫ (ট) ধারা অনুযায়ী, স্নাতকোত্তর (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের পরিচয়পত্র, চিকিৎসা ও গ্রন্থাগার কার্ড ফেরত দিয়ে হল ত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় শাস্তি হিসেবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল স্থগিত রাখার স্পষ্ট বিধান আছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান রাশেদুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এই বিজ্ঞপ্তি যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন না করে, তাহলে ছাত্রদলের যে সকল নেতা-কর্মী বর্তমানে হলের বাইরে অবস্থান করছেন, তারা সবাই হলে গিয়ে অবস্থান নেবেন। পারলে প্রশাসন আটকাক।”

অন্যদিকে, এই সিদ্ধান্ত প্রকাশের পর জাকসুর একাধিক সদস্য তা প্রত্যাখ্যান করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এ বিষয়ে তারা প্রশাসনের কাছে কোনো দাবি জানাননি এবং জাকসু প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রশাসন একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের হঠাৎ ও নজিরবিহীন সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক। জাকসু বডির সঙ্গে আলোচনা না করে এবং জাকসুর গঠনতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য না রেখে এটি করা হয়েছে। এর ফলে হলে অবৈধ অবস্থানকে বৈধতা দেওয়ার একটি সুযোগ তৈরি হবে। প্রশাসনের এই আগ বাড়িয়ে নেওয়া সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আইনি ভিত্তি ছাড়া একটি অফিস আদেশের মাধ্যমে অধ্যাদেশকে পাশ কাটিয়ে বিশেষ সুযোগ দেওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়া প্রভাবশালী এক জাকসু নেতার চাপেই প্রশাসন এমন একপাক্ষিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান এক পোস্টে প্রশ্ন তোলেন, “কয়েক মাস আগে জানতে পারলাম জাকসুর ভিপির ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি হলে অবস্থান করছেন। তাহলে কি প্রশাসন এখন নিয়ম পরিবর্তন করেছে শুধুমাত্র ভিপিকে সুবিধা দেওয়ার জন্য?”

প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ফেসবুক পোস্টে লেখেন, “জাকসুর অনেকে পোস্ট করছেন যে তারা হলে থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাননি। তার মানে না চাইতেই তাদের সুবিধা দেওয়া হলো। ছাত্রদল ন্যায্য দাবি নিয়ে গেলেও মানতে গড়িমসি, আর জাকসুর জন্য না চাইতেই সব দেওয়া হচ্ছে।”

গঠনতান্ত্রিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক লেখেন, “মহামান্য জাকসু এবং হল সংসদ প্রতিনিধিদের জন্য কি আলাদা ভিআইপি প্যাকেজ চালু হলো? যেখানে ছাত্রত্ব চলে যাওয়ার পর পদে থাকাটাই অবৈধ, সেখানে প্রশাসন তাদের সহায়তা করে ঘটা করে অ্যানাউন্সমেন্ট দেয় হলের রুমে থাকার জন্য!”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী একজন বৈধ শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচিত হওয়ার পর তার ছাত্রত্ব শেষ হলেও তিনি এক বছরের জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে হলে অবস্থান না করলে তাদের পক্ষে দায়িত্ব যথাযথভাবে পালন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনিক সভায় জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত হলে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের মেয়াদ আর মাত্র দুই থেকে তিন মাস বাকি। এটি কোনো একজনকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নয়; বরং সংশ্লিষ্ট সকল প্রতিনিধির দায়িত্ব পালনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা