প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:০২ পিএম
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বুধবার ‘আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামের’ উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামের’ উদ্বোধন করা হয়েছে।
দেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা, শিক্ষানুরাগী এবং বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মরহুম আবদুল্লাহ হিল রাকিবের নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটোরিয়ামের নামকরণ করে বুধবার এ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মশিউল আজম সজল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, শিন-শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আফরোজা শাহীন, টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল নাকিব, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, বিইউএফটির মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য ও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
নবনামকৃত অডিটোরিয়ামের ফলক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মরহুম আবদুল্লাহ হিল রাকিবের জীবন, নেতৃত্ব, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে তার অসামান্য অবদান, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তার অঙ্গীকার তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম আবদুল্লাহ হিল রাকিবের রুহের মাগফিরাত কামনা এবং বিইউএফটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।