রাবিতে শিক্ষার্থী মারধর
রাবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:০২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু ও শিবির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু ও শিবির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তবে কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে আয়োজিত হলেও এতে শাখা ছাত্রদলের সভাপতিসহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তবে ছাত্রদলের নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এই কর্মসূচিতে তারা সমর্থন পোষণ করে অংশ নিয়েছেন। মানববন্ধন কর্মসূচি থেকে তারা হামলাকারীদের ছাত্রত্ব বাতিল ও বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছেন।
মানববন্ধনে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার ছিল সুস্থ রাজনীতি চর্চা করা এবং ছাত্রলীগের সেই পুরোনো ফ্যাসিবাদের স্টাইল বর্জন করা। কিন্তু শিবির ও কিছু ছাত্র প্রতিনিধি পুনরায় ট্যাগিংয়ের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক নথি সংরক্ষিত রয়েছে। আমরা আশঙ্কা করছি, এই হামলার পেছনে এক বিশাল ষড়যন্ত্র থাকতে পারে। আর ছাত্রলীগ ধরার কথা বলাটা একটি বাহানা মাত্র।
শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, লাইব্রেরির মতো একটি নিরাপদ স্থান, যেখানে জ্ঞানচর্চা হয়, সেই জ্ঞানচর্চার পরিবেশে জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে আম্মার এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাদের উদ্দেশ্য ছিলো হত্যা করে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে পড়াশোনার পরিবেশ নষ্ট করা। রাকসু ভিপির বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনারও নিন্দা জানান তিনি।
ভিপির হুমকির প্রতিবাদে রাকসুর সংবাদ কাভারেজ বয়কট: এদিকে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়ার’ হুমকিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাকসুর সকল কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রচার না করার সিদ্ধান্ত জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। এ ঘটনায় রাকসু ভিপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন তারা। গতকাল বুধবার দুপুরে তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়।