রাবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২২:০৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: বাসস
মাত্র তিন মাসের ব্যবধানে এক শিক্ষার্থীকে নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতৃত্বের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠেছে।
এপ্রিল মাসে যাকে ‘নির্যাতিত সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ছাত্রদলের বিরুদ্ধে আন্দোলনে সামনে এনেছিল রাকসু ও শিবির-সমর্থিত নেতারা, সেই একই শিক্ষার্থী আবুল হাসানকে এবার ‘ছাত্রলীগের সহযোগী’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে সোমবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসানসহ তিনজনকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে ছাত্রলীগ-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার দেখায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২১ এপ্রিল আবুল হাসানের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরদিন বিক্ষোভ সমাবেশে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস সালমান সাব্বির ও শিবির-সমর্থিত নেতারা আবুল হাসানকে ‘সাধারণ শিক্ষার্থী’ উল্লেখ করে তার পক্ষে অবস্থান নেন।
তবে গত সোমবারের ঘটনার পর রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার দাবি করেন, আবুল হাসানসহ ছয়জন রাকসু ভবনে হামলা চালিয়ে পরে গ্রন্থাগারে আশ্রয় নেন। তাদের ছাত্রলীগের সহযোগী দাবি করে সেখান থেকে বের করার সময় এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তিন মাস আগে এই ছেলের পক্ষ হয়ে আমরা ছাত্রদলের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলাম। তখন আবুল হাসান বলছিল ব্যক্তিগত রেষারেষিতে ছাত্রদলের কয়েকজন তার ওপর হামলা চালিয়েছে। তিনি আমাকে পুরো ছাত্রদলকে উল্লেখ করে কিছু না বলার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
এ ঘটনায় রাকসু ও শিবিরের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়ায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, মাত্র তিন মাস আগে একই শিক্ষার্থীকে ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিল শিবির ও রাকসু নেতৃত্ব। অথচ এখন নারী-সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাকেই ছাত্রলীগ আখ্যা দিয়ে লাইব্রেরির মতো নিরাপদ স্থানে হামলা চালানো হয়েছে। এ ধরনের আচরণকে তিনি ‘মুনাফেকি’ আখ্যা দিয়ে দায়ীদের শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রক্টরের বাধা উপেক্ষা করে পাঠকক্ষে ঢুকে হামলা চালানো হয়। এবং একই শিক্ষার্থীকে ঘিরে মাত্র তিন মাসে রাকসু নেতৃত্বের অবস্থানের এই পরিবর্তন ক্যাম্পাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।