প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৮:৩৮ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে (এডাল্টিসাইডিং) ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ প্রশাসনের নিকট মঙ্গলবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে ১টি করে ফগার মেশিন হস্তান্তর করেন।
এর আগে গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক হল দুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হলে বিদ্যমান জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজ প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় হল দুটির প্রশাসন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।