খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: খুকৃবির ওয়েবসাইট থেকে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে বর্তমান উপাচার্য ড. মো. নাজমুল আহসানকে পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর ১০(১) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজন হলে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. মো. নাজমুল আহসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তাঁর মূল পদ—খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।