× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়াদ শেষ হওয়ার আগেই জাবি কোষাধ্যক্ষকে পদ থেকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৫:৩৯ পিএম

অধ্যাপক মো. আবদুর রব। ফাইল ছবি

অধ্যাপক মো. আবদুর রব। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রবকে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা এবং ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবদুর রবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে গণিত বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অধ্যাপক আবদুর রব ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অধ্যাপক আবদুর রব ১৯৯১-৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। বিশেষ পরিস্থিতিতে তিনি ১৯৯২ সালে শাখা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতিবিরোধী ও নিপীড়নবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।

এদিকে একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, দায়িত্বে থাকা একজন প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তাকে আগাম অবহিত না করে নতুন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মোস্তাফিজার রহমান।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দায়িত্বে পরিবর্তন প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হলেও, সংশ্লিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগেই যদি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমের মাধ্যমে নিজের অব্যাহতির খবর জানতে পারেন, তা কোনোভাবেই মর্যাদাপূর্ণ প্রশাসনিক চর্চা হতে পারে না।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে পারতেন। এরপর নিয়ম অনুযায়ী নতুন নিয়োগ ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলে সেটিই অধিকতর শোভনীয়, প্রাতিষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ হতো।

তার ভাষায়, “প্রতিষ্ঠানের মর্যাদা কেবল সিদ্ধান্তে নয়, সিদ্ধান্ত বাস্তবায়নের পদ্ধতিতেও প্রতিফলিত হয়। আমরা সেই প্রাতিষ্ঠানিক সংস্কৃতিই প্রত্যাশা করি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা