বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৯:৪৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৯:৪৪ পিএম
রাজধানীর যমুনা ফিউচার পার্কে মহল কনভেনশন হলে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিনজন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘৩৬ জুলাই স্মৃতি মেধা পুরস্কার’-এ ভূষিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত মহল কনভেনশন হলে এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাটাগরি ‘বি’-এর আওতায় মেধা তালিকায় স্থান পাওয়া এই তিন শিক্ষার্থী হলেন, ইংরেজি বিভাগের জান্নাতুল মাওয়া (সিজিপিএ ৩.৮৩), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হামিম রেজা রাসেল (সিজিপিএ ৩.৯০) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিরাতুল মোস্তাকিম সিয়াম (সিজিপিএ ৩.৯৯)।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদের পবিত্র কুরআনসহ বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য এমন একটি উদ্যোগ নেবে, তা তিনি কখনও আশা করেননি। শহিদদের স্মরণে সংগঠনটি এমন একটি পদক্ষেপ নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, ছাত্রশিবির এভাবেই সব সময় সকল জুলাই যোদ্ধাদের স্মরণে রাখবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হামিম রেজা রাসেল তার প্রতিক্রিয়ায় জানান, প্রত্যাশার চেয়েও বেশি এই অর্জনের জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেধা পুরস্কার ২০২৬ প্রাপ্তিকে তিনি বিনয়ী থেকে সামনে এগিয়ে যাওয়ার একটি স্মারক হিসেবে উল্লেখ করেন। এই অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠান আয়োজন এবং শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে উৎসাহিত করার জন্য তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের আয়োজনে মোট ৩ জন শিক্ষার্থী ক্যাটাগরি ‘এ’-তে স্বর্ণপদক এবং ৭৮ জন শিক্ষার্থী ক্যাটাগরি ‘বি’-তে মেধা পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিফগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে নিহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারবর্গ, আহত শিক্ষার্থীরা এবং প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।