× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি থেকে ট্রেজারার নিয়োগের দাবিতে আল্টিমেটাম শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৮:০৬ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের ভেতর থেকে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে জবি শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রবিবার বিকালে শিক্ষক সমিতির নেতারা এ দাবি জানান।

একই সঙ্গে দাবি উপেক্ষা করে বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিরাও উপস্থিত থেকে দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তদের পুরস্কার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ ধরনের বৈষম্য আর দেখতে চাই না।

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, বাইরে থেকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারী সমিতি কর্মবিরতিতে যেতে বাধ্য হবে।

জকসুর এজিএস মাসুদ রানা বলেন, জবি থেকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া না হলে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া উচিত এবং অন্তত ৮০ শতাংশ শিক্ষক জবির শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগের দাবি জানান।

তবে এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ৮০ শতাংশ নয়, মেধার ভিত্তিতে জবির শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ এর চেয়েও বেশি হওয়া উচিত।

লিখিত বক্তব্যে অধ্যাপক ইমরানুল হক বলেন, নিজেদের প্রতিষ্ঠান থেকে যদি আমরা ট্রেজারার তৈরি করতে না পারি, তাহলে সেটি আমাদের জন্য চরম ব্যর্থতা। নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সমস্যাগুলো যেভাবে বুঝবেন, বাইরের কেউ তা বুঝতে পারবেন না।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষকরা যদি দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন বাইরের কাউকে নিয়োগ দেওয়া হবে? বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৪৫ জন অধ্যাপকসহ মোট ৭৩২ জন যোগ্য শিক্ষক রয়েছেন। তাই ব্যবসায় শিক্ষা অনুষদসহ যেকোনো অনুষদ থেকে যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দিতে হবে।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে।

সংবাদ সম্মেলনের শেষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম জগন্নাথ’ বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা