শুভ রায়, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:৫৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের আওতায় নয়টি ১০ তলা নতুন ভবন নির্মাণ এবং ১১টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার বছরের অনুমোদিত ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা অবকাঠামো উন্নয়ন প্রকল্পটির আট বছর পার হলেও শেষ হয়নি কাজ। এমনকি কবে নাগাদ পুরো কাজ শেষ হবে সে বিষয়েও বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে চতুর্থ দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ইবির অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৭ লাখ টাকার এই মেগা প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের প্রাথমিক মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় প্রথমে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং পরে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। সেই সময়সীমা শেষ হলেও নির্মাণকাজ সম্পন্ন হয়নি।
প্রকল্পের আওতায় নয়টি ১০ তলা নতুন ভবন নির্মাণ এবং ১১টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। নতুন ভবনের মধ্যে রয়েছে দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল, একটি একাডেমিক ভবন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক আবাসিক ভবন, দ্বিতীয় প্রশাসনিক ভবন এবং তৎকালীন শেখ রাসেল হলের দ্বিতীয় ব্লক।
এছাড়া সম্প্রসারণকাজের আওতায় রয়েছে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, দ্বিতীয় ডরমিটরি, ড. ওয়াজেদ মিয়া ভবন, চিকিৎসাকেন্দ্র, প্রভোস্ট কোয়ার্টার, টিএসসি, বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবন এবং শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন। একই প্রকল্পের অধীনে পানি সংকট নিরসনে গভীর নলকূপ ও রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দুটি ৫০০ কেভি সাব-স্টেশন ও সোলার প্যানেল স্থাপনের উদ্যোগও রয়েছে।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটি ২০১৮ সালে অনুমোদন পেলেও বাস্তব কাজ শুরু হয় ২০২১ সালের জুলাইয়ে। কাজ শুরুর কিছুদিন পরই নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ৯টি ভবনের মধ্যে ৮টির কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালে প্রকল্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার সময় অগ্রগতি ছিল মাত্র ৩২ শতাংশ। এরপর একাধিকবার মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের শেষ নাগাদ অগ্রগতি দাঁড়ায় প্রায় ৬০ শতাংশ। ভবন সম্প্রসারণের বেশিরভাগ কাজ শেষ হলেও নতুন ভবনগুলোর নির্মাণ এখনও অসম্পূর্ণ।
ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কনস্ট্রাকশন লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার মুন্না বলেন, বর্তমান বাজারদরে প্রায় প্রতিটি কাজেই লোকসান হচ্ছে। তবে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই হলগুলোর নির্মাণকাজ শেষ করার চেষ্টা করব।
প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, প্রকল্প প্রস্তাবনার দুই বছর পর সরকারি অনুমোদন শেষে করোনায় টেন্ডার কার্যক্রমে বিলম্ব হয়। প্রথম রেট শিডিউল অনুযায়ী প্রকল্পের ব্যয় ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা হলেও পরে তা সংশোধন করে ৫৩৭ কোটি ৭ লাখ টাকা করা হয়। আগামী ডিসেম্বরের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ করার চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী একেএম শরীফ উদ্দিন বলেন, পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কয়েকটি হলের কাজ ইতোমধ্যে ৯৫ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে।