ডিআইইউ প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২১:৫৫ পিএম
যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে শুক্রবার জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ‘আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে”।
জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ‘আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির শহীদ সাজ্জাদ হোসাইনের বাবা আলমগীর হোসেন।
অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরি–এ-তে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সিজিপিএ ৪.০০ অর্জনকারী শিক্ষার্থীদের গোল্ড মেডেল দেওয়া হয়। এ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন সাউথইস্ট ইউনিভার্সিটির মো. আবির হোসেন সিজান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হাদিউজ্জামান রিফাত এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির মো. আশরাফুল আকন। এছাড়া ক্যাটাগরি–বি-তে সিজিপিএ ৩.৭০ থেকে ৩.৯৯ অর্জনকারী প্রায় ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন প্রজন্মের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে”।
তার ভাষ্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই আন্দোলনে ‘আবাবিল পাখির’ মতো ভূমিকা পালন করেছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ার পর আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে”।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
এ সময় জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ড. আকরাম উদ্দিন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ড. তাজওয়ার।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী গোলাম রাব্বি, শহীদ বিজিএমইএ ইউনিভার্সিটির শিক্ষার্থী সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, পুসাবের আব্দুল্লাহ মাহফুজ জাকারিয়া, পুনাবের তানজীম উদ্দীন, পুআবের মইনুদ্দীন সুমন, মুনার মাইনুদ্দীন, ফিনল্যান্ড ইসলামিক সোসাইটির সেক্রেটারি সালাউদ্দিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনিম মুবাশ্বির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাদিক আল আরমান বক্তব্য রাখেন।