বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৪:২৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইন্টারনেট ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও গতি বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত ‘আরইউ স্ট্রেন্থেনিং ইন্টারনেট কানেক্টিভিটি’ শীর্ষক প্রকল্পটির চুড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতায় মোট ১৩ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকার এই প্রকল্পটি কোনো ধরনের সংশোধন ছাড়াই পাস করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে একটি জরিপ পরিচালনা করে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
এই জরিপের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বাজেট অনুমোদনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল।
আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, আগামী আগস্টের মধ্যে হিটের কর্মকর্তারা রাবি আইসিটি সেন্টারের সাথে কো-অর্ডিনেশনের মাধ্যমে পূর্বে দেওয়া চাহিদাগুলো অনুসরণ করে প্রকল্পের একটা বিস্তারিত কারিগরি স্পেসিফিকেশন তৈরি করবেন।
সেটা অনুমোদন (রুটিন জব) শেষে ই-জিপি পোর্টালে (অনলাইন টেন্ডার পোর্টাল) অনলাইন দরপত্র আহ্বান করা হবে। তারপর প্রকিউরমেন্টের বিভিন্ন ধাপ অনুসরণ করে কোম্পানি বা ভেন্ডর নির্বাচনের প্রক্রিয়ায় তিন মাস যাবে।
সকল প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকেই ক্যাম্পাসে মাঠ পর্যায়ে প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু হবে।
পুরো কাজ পর্যবেক্ষণ ও পরবর্তী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বিডিআরইএন এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
এ বিষয়ে রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা বলেন, “নির্বাচিত হওয়ার পর থেকেই ক্যাম্পাসের হলগুলোতে ইন্টারনেট সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ শুরু করি।”
তিনি বলেন, “বিডিরেন-এর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বিভিন্ন আবাসিক হলে সরেজমিনে সার্ভে করা হয়। সেই সার্ভে ও আমাদের আবেদনের ভিত্তিতেই আইসিটি সেন্টারের সহযোগিতায় প্রাথমিক এই খসড়া বাজেট ও প্রস্তাবনাটি তৈরি করে ইউজিসিতে পাঠানো হয়েছিল।”
তিনি আরও বলেন, “দীর্ঘ প্রচেষ্টা শেষে ১৩.২১ কোটি টাকার এই বাজেটটি কোনো সংশোধন ছাড়াই অনুমোদন পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ দ্রুতই লাঘব হবে।”
সার্বিক বিষয়ে রাবি আইসিটি সেন্টারের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অবকাঠামোর স্থায়ী সমাধানের জন্য প্রতিটি হলে রাউটারের বদলে মানসম্মত এক্সেস পয়েন্ট বসানো জরুরি।”
তিনি বলেন, “আমরা গত ফেব্রুয়ারি মাসেই প্রয়োজনীয় জরিপ ও রিপোর্ট সম্পন্ন করে উপাচার্যের অনুমোদনে ইউজিসিতে জমা দিয়েছিলাম। ‘হিট’ প্রজেক্টের আওতায় বিডিরেন-এর সার্বিক তত্ত্বাবধানে এই কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে।”