× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবির সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

খুলনা অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১১:৪৯ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১১:৪৯ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিনকর্মী আটকের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

ক্ষোভের পরিণতিতে বৃহস্পতিবার রাত থেকে কার্যত তালাবন্দি হয়েছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সমস্ত একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

রাতে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করে জানান, দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনছার, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম এবং ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ক্যান্টিনকর্মী মো. ইমাম হাসানের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবিতে তিন দফা প্রস্তাব উত্থাপন করেন শিক্ষার্থীরা।

তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসায় বৈঠক শেষে আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের প্রথম দাবি, ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার আগে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনতে হবে।

দ্বিতীয় দাবিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনছার এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

তৃতীয় দাবিতে সম্প্রতি গঠিত স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিলের দাবি তোলা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন আইনি জটিলতার কথা উল্লেখ করে বারবার সময় চাইলেও তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাদের বক্তব্য, শুধু আশ্বাসে আর আস্থা নেই; কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে হাদি চত্বরে অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক জরুরি বৈঠক করে। বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, আবাসিক হলগুলোর প্রভোস্ট, ছাত্রবিষয়ক পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রশাসন কয়েকটি তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা জানায়। হলের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযুক্তের পরিচালিত ক্যান্টিনের বরাদ্দ বাতিল করা হয়েছে। হলের অভ্যন্তরে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় নতুন ও কঠোর নীতিমালা প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনছারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে রিভিউ আবেদন পাওয়া সাপেক্ষে পুনঃতদন্তের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাময়িক বহিষ্কৃত শিক্ষক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এবং যৌন নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের পৃথক দুটি তদন্ত চলছে। প্রশাসনের দাবি, দুই কমিটিই আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী বলেন, “অভিযুক্ত ক্যান্টিনকর্মী মো. ইমাম হাসানকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে, যেসব ধারায় জামিনের সুযোগ নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে অভিযুক্ত ইমাম হাসান ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে বৃহস্পতিবার  হরিণটানা থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আদালত ইমাম হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিজয়-২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে আটক করেন ছাত্রীরা। ওই ঘটনার পর থেকেই আবাসিক ছাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়।

এর আগে চলতি বছরের ১৮ জুন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পর তাকে ডিসিপ্লিন প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে বিষয়টি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সাত সদস্যের তদন্ত কমিটির অধীনে রয়েছে।

অন্যদিকে, গত বছরের আগস্টে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনছারের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানি, অশালীন আচরণ এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। পরে অন্য বিভাগের আরেক ছাত্রীও একই ধরনের অভিযোগ আনেন। তদন্ত শেষে গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় একটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলেও অন্য অভিযোগে দুই বছরের জন্য পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়।

পরপর তিনটি স্পর্শকাতর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে প্রশাসনের দাবি, প্রতিটি অভিযোগই তদন্তের আওতায় রয়েছে এবং আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনড় থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কবে ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা