ডিআইইউ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৯:১৫ পিএম
গ্রাফিক্স: সংগৃহীত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পলিটিক্যাল সায়েন্স বিভাগ আয়োজিত ‘পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগ’-এ রেফারির সিদ্ধান্ত ও আয়োজক কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষার্থী।
গ্রুপ পর্বের খেলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাচ-২৮ ও ব্যাচ-২৪-এর মধ্যকার ম্যাচে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া সিনিয়রদের দল এমএসএস-১-কে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের।
অভিযোগ নিয়ে রেফারির কাছে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, “এই নিয়মে খেলতে হলে খেলো, না হলে চলে যাও।”
নাম প্রকাশে অনিচ্ছুক পলিটিক্যাল সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের পক্ষপাতিত্ব নতুন নয়। প্রায় প্রতিবছরই দেখা যায়, আয়োজক হিসেবে থাকা সিনিয়ররা নিজেদের দলকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে জিতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসব বিষয়ে শিক্ষকদেরও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “রেফারি নির্বাচনের ক্ষেত্রে আয়োজকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছেন। ভুল সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”
তবে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের মূল রেফারি উপস্থিত না থাকায় আজ যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি খেলা পরিচালনায় অভিজ্ঞ নন এটি আমরাও বুঝতে পেরেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরবর্তী ম্যাচগুলোতে এই জায়গায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
শিক্ষার্থীদের দাবি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভাগীয় টুর্নামেন্টগুলোতে যদি এ ধরনের পক্ষপাত ও অনিয়ম চলতে থাকে, তাহলে এসব আয়োজনের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণের আগ্রহ ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে।