অনন্যা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দারিদ্র্য, সীমিত সুযোগ আর নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামের মেয়ে অনন্যা খাতুন। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত দ্য ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ডে পূর্ণ অর্থায়নে পিএইচডি গবেষণার সুযোগ।
সম্প্রতি ভিসা হাতে পাওয়ার পর আগামী সেপ্টেম্বরে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনন্যা। তবে এই সাফল্যের পথ তার জন্য মোটেও সহজ ছিল না। দীর্ঘ অপেক্ষা, একের পর এক আবেদন, অনিশ্চয়তা আর হতাশার গল্প শুনিয়েছেন প্রতিদিনের বাংলাদেশকে। জানিয়েছেন তার দীর্ঘ অপেক্ষা, থেমে থাকা আবার পূর্ণ উদ্যমে চলার অভিজ্ঞতা।
অনন্যা জানান, স্কলারশিপের প্রথম সুখবরটি তিনি পেয়েছিলেন চলতি বছরের ১০ মার্চ। রোজার মাসে সেহরির সময় তার ইমেইলে আসে একটি বার্তা- ‘Shortlisted for scholarship’। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ছিল না বলে জানান তিনি।
তিনি বলেন, “ভালো লাগাটা কেমন ছিল আসলে কখনো সেভাবে এক্সপ্রেস করা যায় না। তবে আমার সুপারভাইজার বলেছিলেন, এরপরও ফাইনাল অ্যাপ্লিকেশনে অনেক সময় বাদ পড়ে যেতে হয়। তাই শেষ পর্যন্ত একটা ভয় কাজ করছিল”।
এরপর শুরু হয় অপেক্ষার কঠিন সময়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত খবর না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি।
অনন্যা বলেন, “আমাদের ইউকিউ থেকে ২৮ এপ্রিলের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল। আমি মনে করেছিলাম হয়তো হয়নি, তাই ইমেইল আসছে না। অফিসে যাচ্ছি, আসছি- কোনো কিছুতেই মন বসছিল না”।
অবশেষে ৩০ এপ্রিল বেলা ১১টার দিকে আসে সেই কাঙ্ক্ষিত ইমেইল। হাতে পান ইউনিভার্সিটির ‘আনকন্ডিশনাল অফার লেটার’।
“আমার নিয়ত ছিল নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়ব। অফার লেটার পাওয়ার পর নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এরপর পরিবারের সবাইকে জানিয়েছি,” বলেন অনন্যা।
তবে এরপরও ছিল ভিসার অপেক্ষা। সব আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুন ভিসার আবেদন করেন অনন্যা। ১৫ জুলাই হাতে পান অস্ট্রেলিয়ার ই-ভিসা।
তিনি জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারি পিএইচডির জন্য আবেদন করেন এবং ২০২৫ সালের ১৫ অক্টোবর জমা দেন আগ্রহপত্র (EOI)।
বারবার ব্যর্থতার পরও থামেননি
বিদেশে উচ্চশিক্ষার জন্য এর আগে অনেক জায়গায় আবেদন করেছিলেন অনন্যা। তবে সাফল্য আসছিল না। এক পর্যায়ে দেশেই পিএইচডি করার কথা ভাবতে শুরু করেছিলেন তিনি।
অনন্যা বলেন, “আমি অনেক অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ফাইনালি যখন কোথাও হচ্ছিল না তখন ভেবে নিয়েছিলাম দেশেই করব। আমি এর আগে কখনো জাপান, কোরিয়া বা যুক্তরাষ্ট্রে ইমেইল বা আবেদন করিনি। তখন মনে হচ্ছিল, হয়তো ওই দেশগুলোতে চেষ্টা না করাটাই বড় ভুল ছিল”।
তবে শেষ পর্যন্ত নিজের চেষ্টা চালিয়ে যান তিনি। আর সেই অধ্যবসায়ের ফল হিসেবেই আসে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ।
ভবিষ্যৎ পরিকল্পনা
পিএইচডি শেষে নিজের পেশায় ফিরে দেশের জন্য কাজ করতে চান অনন্যা।
তিনি বলেন, “যেহেতু আমি একটি পেশায় আছি, তাই পিএইচডি শেষ করে আমি আমার প্রফেশনে যোগ দিতে চাই। পাশাপাশি অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই, কৃষি খাতে অবদান রাখতে চাই। সর্বোপরি দেশের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব”।
কৃতিত্ব দিলেন সৃষ্টিকর্তা ও পরিবারকে
নিজের সাফল্যের পেছনে সৃষ্টিকর্তা ও পরিবারের অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অনন্যা।
তিনি বলেন, “আমি আমার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই। যিনি আমাকে ধৈর্য দিয়েছেন এবং কঠোর পরিশ্রমের উত্তম প্রতিদান দিয়েছেন। আমার পরিবার কঠিন সময়ে পাশে থেকে আমাকে সাহস দিয়েছে”।
তিনি আরও বলেন, “পরিবার এসময় পাশে না থাকলে জীবনটা আরও বেশি কঠিন ও দুর্বিষহ হয়ে যেত”।
তরুণদের জন্য পরামর্শ
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা তরুণদের উদ্দেশে অনন্যা বলেন, “পরিকল্পনা করে আগেভাগেই প্রস্তুতি শুরু করতে হবে”।
যারা বিদেশে পড়তে যেতে চায়, তাদের উচিত অনার্সের শেষ দিকে প্রস্তুতি শুরু করা। এতে অ্যাকাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি ইংরেজি দক্ষতা ও প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের সুযোগ থাকে বলেও জানান তিনি।
স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং মোটিভেশনাল লেটারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এসওপি এবং মোটিভেশনাল লেটার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি”।
স্নাতক পর্যায়ে ৩.৯৬ এবং স্নাতকোত্তরে ৩.৮০ সিজিপিএ নিয়ে উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন অনন্যা। এই অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য কৃষি অনুষদ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হন।
২০২২ সালে হাবিপ্রবির কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি কাজ করছেন গবেষণা নিয়েও। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর অর্থায়নে একাধিক গবেষণা প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।