কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:৫১ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ওয়াদুদ আলী। ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুল প্রশ্নপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে।
উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে রবিবার এ ঘটনা ঘটে।
দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে শোকজ এবং কক্ষ পরিদর্শক ও প্রশাসনের মনোনীত দুই ইনভিজিলেটরকে (ট্যাগ অফিসার) পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগী ১৬ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপজেলার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। রবিবার ওই কেন্দ্রে ইসলামের ইতিহাস, ইতিহাস, ব্যবস্থাপনা ও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ৮ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের ১৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৬ জন চলতি বছরের পরীক্ষার্থী এবং দুইজন পুরনো পরীক্ষার্থী ছিলেন।
পরীক্ষা শুরুর পর ইতিহাস বিভাগের পরীক্ষার্থীদের হাতে ভুল করে ২০২৫ সালের পুরনো প্রশ্নপত্র তুলে দেওয়া হয় বলে অভিযোগ তাদের।
বিষয় কোড ৩০৪-এর পরীক্ষায় পুরনো প্রশ্নপত্র পেয়ে পরীক্ষার্থীরা আপত্তি জানান। একপর্যায়ে তারা পরীক্ষা না দেওয়ার ঘোষণা দিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টরা পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
কেন্দ্রের অন্য পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর ভুক্তভোগী ১৬ শিক্ষার্থীর জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্নপত্র দেওয়ার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হন।
বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার কেন্দ্র সচিব ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিতে বলা হয়।
এ ছাড়া কলেজটির প্রভাষক ও কক্ষ পরিদর্শক কুদ্দুস আলী ও আশিকা প্রেয়ারীকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের মনোনীত ইনভিজিলেটর (ট্যাগ অফিসার) জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসান আলী এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) রফিকুল ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরবর্তী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে আসাদুজ্জামান সরকার লিটু বলেন, “আমি ছুটিতে ছিলাম। শুনেছি ভুলবশত ইতিহাস বিভাগের নৈমিত্তিক পরীক্ষার্থীদের পুরনো প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে”।
অধ্যক্ষ ওয়াদুদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শারীরিক সমস্যার কারণে আমি পরীক্ষাকেন্দ্র থেকে অব্যাহতি নিয়েছি”। তবে পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার বলেন, “পরীক্ষা সংক্রান্ত বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার পর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুইজন কক্ষ পরিদর্শক ও দুইজন ইনভিজিলেটরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে”।