× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাপের মুখে জবির আওয়ামীপন্থি ডিনের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২০:৪৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ছাত্রসংগঠনগুলোর নেতারা ডিন কার্যালয় ঘেরাও করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং তীব্র চাপ সৃষ্টির তিন দিন পর তিনি ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পর থেকেই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল, ছাত্রশক্তি, জাকসু ও ছাত্র অধিকার পরিষদের নেতারা তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাকে আওয়ামীপন্থী শিক্ষক উল্লেখ করে উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

গত ১৬ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এসব ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সংগঠনের নেতাকর্মীরা কার্যালয় ঘেরাও করে ভেতরে প্রবেশ করেন এবং অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের পদত্যাগ দাবি জানান। তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনরত নেতাদের তীব্র চাপের মুখে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা প্রকাশ করে। এতে বলা হয়, অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রশাসন শিক্ষকদের প্রতি ভীতি প্রদর্শন, হেনস্তা কিংবা বিচারবহির্ভূত আচরণের বিরোধিতা করে জানায়, যেকোনো অভিযোগের নিষ্পত্তি অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে।

এর তিন দিন পরই ডিনের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।

উল্লেখ্য, ডিন হিসেবে নিয়োগ পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ছাত্রদল, ছাত্রশক্তি, জকসু ও ছাত্র অধিকার পরিষদের ধারাবাহিক আন্দোলন, ডিন কার্যালয় ঘেরাওয়ের পর শেষ পর্যন্ত চাপের মুখে তাঁর পদত্যাগের মধ্য দিয়ে ঘটনাটি নতুন মোড় নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা