বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১০:১৭ এএম
আগামী ২১ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ফাইল ছবি
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা দ্বিতীয় দফায় আরও তিন দিন বাড়ানো হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির ১৮ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ৮ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তারা ১৯ জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার সুযোগ পাবেন।
এর আগে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিবর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চূড়ান্ত ভর্তির সময়সীমা প্রথম দফায় ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার দ্বিতীয় দফায় আরও তিন দিনের জন্য সময় বৃদ্ধি করা হলো।