বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২১:০৯ পিএম
ডাকসু ভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬)।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আগামী রবিবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ডাকসু ভবনে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এ সময় বক্তব্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ এবং রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি)-এর প্রতিনিধি ড. আকরাম।
উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যরা।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ’।
সম্মেলনে জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার নিয়েও মতবিনিময় করবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস। এছাড়া বিচার, মানবাধিকার ও নাগরিক সমাজভিত্তিক বিভিন্ন সংগঠনও এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে জুলাই শহিদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম অনুভূতি ব্যক্ত করবেন।
উদ্বোধনী বক্তব্য দেবেন আইসিজেআর-২-এর আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ড. আনম এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তৎকালীন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. ইউসুফ আলী, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসাসেবায় যুক্ত অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে একটি বিশেষ প্রোটোকল সেশনও অনুষ্ঠিত হবে।
সম্মেলনে পাঁচটির বেশি প্যানেল আলোচনায় অংশ নেবেন ১৫ জনের বেশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ। পাশাপাশি কী-নোট উপস্থাপনার পাশাপাশি বাছাই করা ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
আয়োজকদের আশা, জুলাই বিপ্লবের অপূর্ণ কাজ, জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গবেষণাভিত্তিক আলোচনা ও নীতিগত সংলাপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এ সম্মেলন ভূমিকা রাখবে।
সম্মেলনে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আগ্রহী ব্যক্তিদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।