× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাছুটিতে বেতন-ভাতা নিয়েও বিশ্ববিদ্যালয়ে ফিরছেন না জবি শিক্ষকরা

ইউছুব ওসমান, জবি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৯:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে শিক্ষাছুটিতে যাওয়ার পর নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার কথা থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৮ শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শিক্ষাছুটির শর্ত ভঙ্গ করে বিদেশে অবস্থান করা এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে ৯ কোটি টাকার বেশি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষাছুটি দেওয়া হয় মূলত শিক্ষকদের দক্ষতা ও গবেষণার মান বাড়ানোর জন্য। ছুটি শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার কথা। কিন্তু একাধিক শিক্ষক ছুটি শেষ হওয়ার পরও ফিরে না আসায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন শিক্ষক দেশের বাইরে শিক্ষাছুটিতে রয়েছেন। তাদের মধ্যে ২৮ জনের ছুটির মেয়াদ শেষ হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। দীর্ঘদিন অনুপস্থিত থাকা এসব শিক্ষকের বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক শিক্ষাছুটিতে যাওয়ার আগে একটি বন্ড বা প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করেন। সেখানে ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকে। এই শর্তের ভিত্তিতেই তারা ছুটিকালীন বেতন, ভাতা, বোনাসসহ বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ করেন।

কিন্তু ছুটি শেষে ফিরে না আসায় এসব সুবিধার অর্থ এখন বিশ্ববিদ্যালয়ের পাওনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ছুটিকালীন সময়ে গ্রহণ করা সব ধরনের আর্থিক সুবিধা ফেরত দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, অনুপস্থিত শিক্ষকদের মধ্যে অনেকের কাছেই বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। কোনো কোনো শিক্ষকের কাছে ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। সব মিলিয়ে ২৮ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৯ কোটি টাকার বেশি।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সব হিসাব যাচাই-বাছাই শেষে পাওনার পরিমাণ আরও বাড়তে পারে। ইতোমধ্যে অনুপস্থিত শিক্ষকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন শিক্ষক এমফিল বা মাস্টার্সের জন্য স্ববেতনে দুই বছর, পিএইচডির জন্য পাঁচ বছর এবং পোস্টডকের জন্য এক বছর পর্যন্ত শিক্ষাছুটি পেতে পারেন। এই সময়ে তারা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, শিক্ষাছুটির মূল উদ্দেশ্য হলো শিক্ষকরা উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করবেন এবং দেশে ফিরে তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন।
তিনি বলেন, শিক্ষকরা বিদেশে গবেষণা করে যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হওয়ার কথা। কিন্তু তারা ফিরে না এলে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষাছুটির ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা ও জবাবদিহিতা বাড়ানো প্রয়োজন। ছুটিতে যাওয়ার আগে নির্দিষ্ট অর্থ বন্ড হিসেবে রাখার ব্যবস্থা করলে শর্ত ভঙ্গকারীদের কাছ থেকে অর্থ আদায় সহজ হবে।
এদিকে অনুপস্থিত শিক্ষকদের কাছ থেকে পাওনা অর্থ আদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর এবং রেজিস্ট্রার দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে।

বকেয়া অর্থের হিসাব জানতে চাইলে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত হিসাব রেজিস্ট্রার দপ্তরে রয়েছে। অন্যদিকে রেজিস্ট্রার দপ্তর থেকে অর্থ ও হিসাব দপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

তবে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই পাওনা অর্থ ফেরত আনার ব্যবস্থা করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, অনুপস্থিত শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৯ কোটি টাকার বেশি। বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি বলেন, সবাইকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যারা নির্ধারিত সময়ে চাকরিতে যোগ দেবেন না, তাদের কাছ থেকে অর্থ ফেরত নেওয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা