কুবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৫৭ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও মেধাবী ভাতা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও মেধাবী ভাতা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদানের আয়োজন করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, অসংখ্য মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে একাডেমিক এক্সিলেন্সির মাধ্যমে এই সম্মানজনক পুরস্কার লাভ করেছেন। মনে রাখবেন প্রদানকৃত অর্থ রাষ্ট্রের সকল স্তরের মানুষের ট্যাক্স থেকে জোগান দেওয়া হয়। তারা তাদের কষ্টার্জিত টাকা রাষ্ট্রকে দেয় এর বিনিময়ে নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ ও দেশের উন্নতি হবে বলে প্রত্যাশা করে।
উপচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করা। এটি কেবল আর্থিক সহায়তা নয়; বরং আপনাদের আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগানোর একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, আপনারা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় বরং আপনাদের মেধা মননকে কাজে লাগিয়ে গ্লোবাল পর্যায়ে নিজেদের স্থান করে নিবেন।