প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম টুআর.জেএস এবং পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম দ্য আউটলায়ার্স। ফাইল ছবি
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম টুআর.জেএস। দলের সদস্যরা হলেন ফেরদৌস হাসান রাহিদ (সিএসই-৬৪), রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪), জিহাদুল ইসলাম (সিএসই-৬৪) এবং সানজিদা ইসলাম (সিএসই-৬৪)।
এ ছাড়া পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম দ্য আউটলায়ার্স। এ দলের সদস্যরা হলেন আব্দুল্লাহ রহমান (সিএসই-৬২), সানজিদা ইসলাম (সিএসই-৬৪) এবং রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪)।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণামুখী সক্ষমতা এবং কার্যকর দলগত নৈপুণ্যের মাধ্যমে নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অর্জন সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান এবং উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এ সাফল্যের জন্য বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়েছে।