× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণা

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার, ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন গবেষণার ফলাফল তুলে ধরেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন গবেষণার ফলাফল তুলে ধরেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ছয়টি প্রধান শহরে সূক্ষ্ম ধূলিকণা (পিএম২.৫) দূষণের কারণে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে।

অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছেন।

একই সঙ্গে এ দূষণের কারণে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এসব উদ্বেগজনক তথ্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি ও গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন গবেষণার ফলাফল তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেল্থ রিসার্স (সি২এএইচেআর) ইউনিট পরিচালিত গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘পলুশন’ জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল—এই ছয়টি প্রধান শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণজনিত মোট অকালমৃত্যুর মধ্যে বছরে প্রায় ৩৭ হাজার ৫১৯ জন হৃদরোগে, ৮ হাজার ৩৪৪ জন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে এবং ৮১১ জন ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন।

গবেষকদের মতে, সূক্ষ্ম ধূলিকণা (PM2.5) দীর্ঘদিন ধরে মানুষের শরীরে প্রবেশ করে হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

শহরভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি অকালমৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকায়। 

গবেষণা অনুযায়ী, শুধু ঢাকাতেই বছরে প্রায় ৬৮ হাজার ৭০৩ জনের মৃত্যু PM2.5 দূষণের সঙ্গে সম্পর্কিত। এরপর রয়েছে চট্টগ্রাম, যেখানে এ সংখ্যা ১১ হাজার ২০২।

রাজশাহীতে ২ হাজার ৮২৭, খুলনায় ২ হাজার ৬২৫, সিলেটে ১ হাজার ৪৮৮ এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জনের অকালমৃত্যুর সঙ্গে বায়ুদূষণের সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে ছয়টি শহরেই বায়ুদূষণজনিত অকালমৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

এ সময়ে শুধু ঢাকাতেই প্রতি বছর গড়ে অতিরিক্ত প্রায় ৩ হাজার ৪৮৪ জন মানুষের মৃত্যু পিএম২.৫ দূষণের কারণে ঘটেছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা সাধারণত বায়ুদূষণকে শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। কিন্তু আমাদের গবেষণা বলছে, এটি এখন বড় ধরনের জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে।

বছরে প্রায় ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু এবং জিডিপির প্রায় ৫ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

গবেষকদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বায়ুর গুণগত মান-সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন, পিএম২.৫ নির্গমন নিয়ন্ত্রণ এবং সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার করা গেলে উল্লেখযোগ্য সংখ্যক অকালমৃত্যু ও বিপুল অর্থনৈতিক ক্ষতি এড়ানো সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা