বাসস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৬:৪৩ পিএম
সংসদে মঙ্গলবার বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস
শিক্ষাবর্ষকে আন্তর্জাতিক মানের করতে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুন মাসে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার।
সংসদে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।