প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২১:১৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬ ২১:৩৫ পিএম
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোমবার নৌকা দিয়ে কেন্দ্র প্রবেশ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: ফেসবুক থেকে
বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ তৈরি হলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকার সিদ্ধান্ত বহাল থাকবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো সম্ভব না হওয়ায় শুধু ওই বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র সচল রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ অব্যাহত রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতে, বারবার পরীক্ষা স্থগিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পর্যাপ্ত সময় হাতে রেখে সতর্কতার সঙ্গে যাতায়াতের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।