বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীতে টানা ভারি বর্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়েছে। এতে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকায় এবং আশপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারসংলগ্ন রফিক ভবনের সামনে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আকস্মিকভাবে বিকট শব্দে গাছটি উপড়ে পড়লে আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময়ের বৃষ্টিতে গাছটির গোড়ার মাটি নরম ও আলগা হয়ে শিকড় দুর্বল হয়ে পড়ে। রবিবার বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে একপর্যায়ে পুরোনো কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ উপড়ে পাশে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসটির ওপর আছড়ে পড়ে।
গাছের ভারী ডালপালা ও কাণ্ডের আঘাতে বাসটির ছাদ ও জানালাসহ বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী ছিলেন না। তবে ঘটনাস্থল ও এর আশপাশ দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত চলাচল থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গত রাত থেকে টানা ভারি বৃষ্টির কারণে গাছটির গোড়ার মাটি সরে যায়। হঠাৎ বিকট শব্দে গাছটি উপড়ে পাশে রাখা বাসের ওপর পড়ে। তখন আশপাশ দিয়ে শিক্ষার্থীরা চলাচল করছিলেন। ভাগ্য ভালো, বাসে বা গাছটির নিচে কেউ ছিলেন না। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস ও উপড়ে পড়া গাছটি দেখতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। আকস্মিক এ ঘটনায় ক্যাম্পাসে কিছু সময়ের জন্য আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে টানা বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ বলেন, গাছটি ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। গাছের আঘাতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সতর্ক রয়েছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।