পবিপ্রবি প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।
বৃহস্পতিবার (৯ জুলাই) ব্যবসায় প্রশাসন অনুষদের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এইচআর ক্লাবের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দিন। এ সময় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হাছান উদ্দিন বলেন, এইচআর ক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. মমিন উদ্দিন বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এইচআর ক্লাব অতীতেও বিভিন্ন ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।