চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ২১২ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩০ শতাংশ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত দৈনিক পরীক্ষা প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১১৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ২৬৮ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ২১২ জন।
জেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, চট্টগ্রামে ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ১৫৫ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩০৪ জন, কক্সবাজারে ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন, রাঙামাটিতে ১০টি কেন্দ্রে ৪ হাজার ৯৬৩ জনের মধ্যে ১৩৩ জন, খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে ৬ হাজার ৫২১ জনের মধ্যে ১৮৩ জন এবং বান্দরবানে ৮টি কেন্দ্রে ৩ হাজার ২৭৩ জনের মধ্যে ১১৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, বহিষ্কৃত চার পরীক্ষার্থীর একজন কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, যিনি নিজ কেন্দ্রেই পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। এছাড়া সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজের এক পরীক্ষার্থী ওমরগনি এমইএস কলেজ কেন্দ্রে, ওমরগনি এমইএস কলেজের এক পরীক্ষার্থী পাহাড়তলী কলেজ কেন্দ্রে এবং কক্সবাজার কমার্স কলেজের এক পরীক্ষার্থী কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে বহিষ্কৃত হন।