ববি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:৫৪ পিএম
পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো আমরণ অনশনে বসেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া। প্রবা ফটো
পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তৃতীয়বারের মতো আমরণ অনশনে বসেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া। রবিবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তিনি এই অনশন শুরু করেন। অনশনের একদিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই শিক্ষার্থী।
এর আগেও একই দাবিতে গত ৫ মে এবং ১৬ মে আমরণ অনশনে বসেছিলেন সাকিব মিয়া। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তিনি অনশন ভঙ্গ করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং দাবি আদায় না হওয়ায় তিনি আবারও অনশনে বসতে বাধ্য হয়েছেন বলে জানান।
জানা যায়, দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সাকিব মোট ছয়টি বিষয়ে অকৃতকার্য হন। এর মধ্যে পাঁচটি বিষয়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেল করানো হয়েছে বলে তিনি দাবি করেন। সাকিব অভিযোগ করে বলেন, একটি আন্দোলনে আমার ছবি ভাইরাল হওয়ার পর ডিপার্টমেন্টের ধীমান স্যার আমাকে ৩ থেকে ৪ বার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘তুমি ভার্সিটির সব আন্দোলন-সংগ্রামে সামনে থাকো, তুমি সব সাবজেক্টে ফেইল করবা।’
শিক্ষার্থীর আনা অভিযোগের বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায় বলেন, বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম তথা একাডেমিক কাউন্সিলের অধীন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ বিভাগের নেই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, অনশনরত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য রবিবার থেকেই দুজন সিকিউরিটি গার্ড নিয়োজিত করা হয়েছে।