প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন” অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে
দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ লক্ষ্যে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে ক্লাস পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়েছেন তিনি।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন” অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা থাকতে হবে যাতে যেকোনো সময় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। এজন্য সব ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তোলার প্রয়োজন রয়েছে”।
তিনি বলেন, “দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে অনাগ্রহী হন”।
দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “শিক্ষা কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন”।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।